জাতীয়

পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

গাজীপুরের মৌচাকে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। বর্তমানে মহাসড়কে যানবাহনের ধীরগতি রয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান।

তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে ও ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button