হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দিতে সৌদির আশ্বাস

অন্য দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না পারলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
একইসঙ্গে বাংলাদেশের হজযাত্রীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে দেশটি।
শনিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
বৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।



