সারাদেশ

হাতীবান্ধায় স্বেচ্ছাশ্রমে নির্মিত হচ্ছে বাঁশের সাঁকো

লালমনিরহাটের হাতীবান্ধায় স্বেচ্ছাশ্রমে চার শ ফিট বাঁশের সাঁকো তৈরি করছে একটি সামাজিক সংগঠন। আর এই সামাজিক সংগঠনটি হলো ‘ফ্রেন্ডশিপ সোশাল ওয়ার্ক’। সাঁকোটি উপজেলার গড্ডিমারী ইউনিয়নে তৈরি করা হচ্ছে। এতে করে তিন গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের চলাচলে সুবিধা হবে।

ফ্রেন্ডশিপ সোশাল ওয়ার্ক সংগঠনের সভাপতি নুরনবী জানান, গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামে একটি ব্রিজ ২০১৫ সালের বন্যায় ভেঙে যায়। ২০১৭ সালের বন্যায় পুনরায় ভাঙা ব্রিজটির দুই পাশের রাস্তা ভেঙে যায়। ফলে বিভিন্ন স্কুল-কলেজ যেতে শিক্ষার্থীদের খুবই কষ্ট হয়। এলাকাবাসীর দুর্ভোগের কারণে আমারা এই বাঁশের সাঁকো তৈরি করছি।

সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, একটি বাঁশের সাঁকো নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে অনেক যোগাযোগ করা হয়েছে। কিন্তু গত ৪ বছওে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাই আমরা নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে গ্রাম ঘুরে ঘুরে বাঁশ সংগ্রহ করি। আর ওই বাঁশ দিয়ে সাঁকোটি তৈরি করা হচ্ছে।

গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, ওই স্থানে ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় এমপি মোতাহার হোসেনের সাথে কথা হয়েছে। তিনি চেষ্টা করে যাচ্ছেন। আশা করছি অতি দ্রুত ব্রিজটি নির্মাণ করা হবে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, স্থানীয় কিছু যুবক নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করেছে। বিষয়টি আমি জেনেছি। তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button