রাজনীতি

বিকেলে আবারও হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বুধবার বিকেল ৩টায় চেয়ারপারসনকে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া কথা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসক টিম তাকে হাসপাতালে নেওয়ার কারণ বোঝাতে সক্ষম হয়।

সূত্র জানায়, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা রোজা রাখতে বারণ করলেও তিনি রোজা রাখার চেষ্টা করেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

এর আগে ৮১ দিন চিকিৎসা নেওয়ার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে ২০২০ বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত পাঁচ বার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button