জাতীয়

শাহজালালে দুই বিমানের সংঘর্ষ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে গ্রাউন্ডেড হয়েছে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এ ঘটনা ঘটে। বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে এই সংঘর্ষ হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গারে আগে থেকেই একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। রবিবার দুপুরে বিমানের আরেকটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হয়। হ্যাঙ্গারের ভেতরে প্রবেশ করানোর সময় ৭৩৭ উড়োজাহাজের সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা ৭৭৭ উড়োজাহাজের পেছনের অংশে ধাক্কা লাগে। এতে দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র্যাডম নষ্ট হয়ে গেছে। আর বোয়িং ৭৩৭ উড়োজাহাজের লেজের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে।

সংঘর্ষের কারণে রোববার রাতের বিমানের দুবাই ফ্লাইট বাতিল করা হয়। এরপর যাত্রীদের সোমবার (১১ এপ্রিল) সকালে অন্য ফ্লাইটে দুবাই পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button