বগুড়ার শিবগঞ্জে নবান্ন উৎসবে মাছের মেলা অনুষ্ঠিত

শিবগঞ্জ প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার উথলী হাটে প্রতিবছরের ন্যায় এবারও বসেছে নবান্ন উপলক্ষে বিশাল মাছের মেলা। বিভিন্ন আকারের ও প্রকারের মাছের সমাহার এই মেলায়। তবে মেলায় মিষ্টির দোকান, খেলনার দোকান,তরতাজা শীতের সবজির বাজার ইত্যাদিরও কমতিও ছিল না। মেলায় ছিল শিশুদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন ধরনের মাটির তৈরী খেলনা সামগ্রীও।
মেলায় গিজ গিজ করছিল সব বয়সের মানুষ। সকলের মধ্যেই উৎফুল্লতা চোখে পড়েছে। সে এক অন্য রকম আমেজ। যুগ যুগ ধরে আবহমান বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব। বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসবকে ঘিরে উথলী বাজারে বসেছে প্রায় তিন শতাব্দীর ঐতিহ্যবাহী দিনব্যাপী মাছের মেলা।
স্থানীয়দের ভাষ্যমতে, বাংলা পঞ্জিকার পহেলা অগ্রহায়ণ তথা নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে এ মেলার আয়োজন হয়ে আসছে। মেলা উপলক্ষে উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্যাপুর, বেড়াবালা, আকন্দপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, রহবল, মোকামতলা ও লক্ষ্মীকোলাসহ আশপাশের অন্তত ২৫ গ্রামের মানুষের ঘরে ঘরে চলে উৎসবের প্রস্তুতি।
এ উপলক্ষে প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনদের আগাম নিমন্ত্রণ জানানো হয়। আত্মীয়-স্বজনের আগমন ও আপ্যায়নকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। মেলাকে কেন্দ্র করে আগের রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় মাছ নিয়ে ব্যবসায়ীরা উথলী বাজারে আসতে শুরু করেন। নদী, হাওর ও বিল থেকে ধরা বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির মাছ মেলায় সাজিয়ে বসেন বিক্রেতারা।
মাছ বিক্রেতাদের কাছে বছরের অন্যতম আকর্ষণীয় দিন এই মেলা। মাছের পাশাপাশি মেলায় উঠেছে শীতকালীন নানা ধরনের নতুন সবজি, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য। মাছ ব্যবসায়ী গোপাল দাস, আব্দুল বাছেদ, আবু হাসান বলেন, মেলায় এবার বেচাকেনা ভালো হচ্ছে। ক্রেতাদের উপস্থিতিও বেশ। সকাল থেকেই ভালো বিক্রি হয়েছে।
মেলায় আকারভেদে বড় ধরনের প্রতি কেজি রুই মাছ ৪০০ থেকে ৭০০ টাকা, কাতলা ৪০০ থেকে ৬০০ টাকা, চিতল ৬০০ থেকে ৭০০ টাকা, ব্রিগেট ৩০০ থেকে ৫০০ টাকা এবং সিলভার কার্প ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।



