রাজশাহী বিভাগ

পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু

‘আগে পাবনা সদর থেকে সরাসরি ঢাকার সাথে ট্রেন চলাচল ছিল না। পাবনারই অন্য উপজেলায় গিয়ে সেখান থেকে ট্রেনে ঢাকা যেতে হতো। এবার পাবনা থেকে সরাসরি আমরা ট্রেনে ঢাকা যেতে পারবো। এতে খরচ ও সময় কম লাগবে। সেইসঙ্গে আমাদের ব্যবসার প্রসার ঘটবে। সবমিলিয়ে আমরা উপকৃত হবো। তাই ট্রেন চালু হওয়ার খবরে আমরা খুবই খুশি।’ এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করছিলেন পাবনা রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী আলমাস আলী। শুধু আলমাস আলী-ই নন। তার মতো পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু নিয়ে উচ্ছসিত পাবনার সর্বস্তরের মানুষ। কারণ এটি ছিল পাবনার লাখো মানুষের প্রাণের দাবি।

অবশেষে দীর্ঘদিনের দাবি, অপেক্ষা আর নানা আলোচনা সমালোচনার পর পূরণ হতে যাচ্ছে পাবনাবাসীর স্বপ্ন। আজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের মধ্যদিয়ে সেই প্রত্যাশা এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন এই রেলসেবার নামকরণ করা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

আজ বৃহস্পতিবার বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দু’টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সড়ক
পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দুপুর ২টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকাল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে। ১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দু’টি। যাত্রাপথে উভয়দিকেই দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, আজ ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর থেকেই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। উদ্বোধনের জন্য সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন এই রেল যোগাযোগ চালুর ফলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, পাবনার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। সড়কপথের যানজট ও যাত্রার অনিশ্চয়তা এড়িয়ে তুলনামূলক স্বস্তিদায়ক রেলযাত্রার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button