
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো।
আজ (রোববার, ২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশকে হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল উপযুক্ত দেশ থেকে জি-টু-জি পদ্ধতিতে সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।



