বিনোদন

নুসরাত ফারিয়ার ‘ভয়’

উপস্থাপক, মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশের পাশাপাশি সমান তালে কাজ করছেন কলকাতার ছবিতেও। মাস দুয়েক আগে কলকাতায় মুক্তি পায় তার অভিনীত ভারতীয় চলচ্চিত্র ‘বিবাহ অভিযান’। মুক্তির পর ভালোই সাড়া ফেলে বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিটি। সেই সাফল্যের রেশ না কাটতে আবারো কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা।

রাজা চন্দ পরিচালিত নতুন এই ছবির নাম ‘ভয়’। অ্যাকশন থ্রিলার ধর্মী এই ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীত অভিনয় করবেন অঙ্কুশ হাজরা।

কলকাতার গণমাধ্যমকে পরিচালক রাজা চন্দ বলেন, নুসরাত ফারিয়া বাংলাদেশে কাজ করলেও টালিউডে তিনি বেশ পরিচিত মুখ। তবে ফারিয়া থাকলেও এটি যৌথ প্রযোজনার ছবি নয়, সম্পূর্ণ ভারতীয়। এছাড়া জনপ্রিয় নায়ক হিসেবে বহু আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অঙ্কুশ হাজরা। ক্যারিয়ারের শুরু থেকে অ্যাকশন-কমেডি-রোমান্টিক সব চরিত্রেই নজর কেড়েছেন।

প্রসঙ্গত, অঙ্কুশ-ফারিয়া জুটিকে প্রথম দেখা গিয়েছিল ২০১৫ সালে ‘আশিকী’ ছবিতে। এটি যৌথভাবে পরিচালনা করেছিলেন কলকাতার অশোক পাতি ও বাংলাদেশের আবদুল আজিজ। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ ছিল নুসরাত ফারিয়ার অভিষেক চলচ্চিত্র।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button