সারাদেশ

বগুড়ায় বিলে মিলল বিপুল কুচি কুচি টাকা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি বিল থেকে বিপুল পরিমাণ কুচি কুচি করা টাকা উদ্ধার করা হয়েছে। ওই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের পার্চিং করা (কেটে ফেলা) বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার খাড়ুয়া ব্রিজের কাছে ওই বিল থেকে টাকাগুলো উদ্ধার করে পুলিশ।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া জানান, সোমবার রাতে কাভার্ডভ্যান থেকে পরিত্যক্ত টাকার বস্তাগুলো জেলার শাজাহানপুর উপজেলার খাড়ুয়া ব্রিজের কাছে ফেলা দেয়া হয়।

পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বস্তাগুলো খুলে টাকার টুকরো দেখতে পান এবং পুলিশে খবর দেন।

পুলিশ কয়েক ঘণ্টার অভিযানে বিলের পানির নিচ এবং তীর থেকে ওই টাকাগুলো উদ্ধার করে।

সব টাকাই কুচি কুচি করে কাটা ছিল। একটি নোটও সম্পূর্ণ অবস্থায় পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংক বগুড়ার শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্যাংকিং) সরকার আল ইমরান জানান, পার্চিং করা টাকা আগে পুড়িয়ে ফেলা হতো।

কিন্তু পরিবেশ দূষণের কারণে টাকাগুলো কুচি কুচি করে ময়লা হিসেবে পৌরসভার মাধ্যমে বস্তায় ভরে বিলে ফেলে দেয়া হয়।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংকের পরিত্যক্ত টাকা ময়লা হিসেবে পৌরসভার মাধ্যমে ফেলে দেয়া হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button