সারাদেশ

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কৃষক আব্বাস আলী হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম বৃহস্পতিবার সকালে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মঙ্গু মিয়া, জঙ্গু মিয়া, মঞ্জু মিয়া, এনায়েত, কাকন মিয়া, কাজল ও দুলু মিয়া। তাদের মধ্যে মঞ্জু পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ২৩ জুলাই সকালে জেলার অষ্টগ্রাম উপজেলার কাস্ত্তুল শেখেরহাটি গ্রামের কৃষক আব্বাস আলীকে তার নিজ বাড়িতে বল্লমের আঘাতে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহতের স্ত্রীর বড় ভাই মিরু মিয়া বাদী হয়ে একই দিন রাতে ১১ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল করিম। অভিযোগপত্রে দুজনের নাম বাদ দেয়া হয়।

বিচার চলাকালে আসামি পুতুল বেগম ও নওয়াব মিয়ার মৃত্যু হওয়ায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button