শিক্ষাঙ্গন

সুপারিশপ্রাপ্তদের এমপিওভুক্তির জটিলতা কাটলো

বেসরকারি কলেজগুলোতে নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুযায়ী নবসৃষ্ট পদে নিয়োগ ও এমপিওভুক্তির জটিলতা কেটে গেছে। এনটিআরসিএর মাধ্যমে সুপারিশ পাওয়া শিক্ষকদের যোগদানের তারিখ থেকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে বৃদ্ধিপ্রাপ্ত ১৬টি পদে নিয়োগের আদেশ জারির ফলে নবৃসষ্ট পদে নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তি আটকে যায়। সে জটিলতা নিরসনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

উল্লেখ্য গত ৩০ মে স্কুলের ৯টি এবং কলেজের ৭টি পদে নবসৃষ্ট পদে নিয়োগ ও এমপিওভুক্তির আদেশ জারি করা হয়। যদিও গত ফেব্রুয়ারিতে প্রায় ৫শতাধিক শিক্ষক এনটিআরসিএর সুপারিশ পেয়ে নবসৃষ্ট বিভিন্ন পদে যোগদান করেছেন।

এই আদেশের প্রেক্ষিতে বেসরকারি কলেজগুলোতে নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুযায়ী নবসৃষ্ট পদে নিয়োগ ও এমপিওভুক্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এসব শিক্ষকদের কথা চিন্তা করে মন্ত্রণালয় এনটিআরসিএর মাধ্যমে সুপারিশ পাওয়া শিক্ষকদের যোগদানের তারিখ থেকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে

প্রসঙ্গত, গত ৩০মে বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে বৃদ্ধিপ্রাপ্ত ১৬টি পদে নিয়োগের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদগুলোর মধ্যে স্কুলের ৯টি এবং কলেজের ৭টি পদ রয়েছে। এগুলোর মধ্যে স্কুলের ১টি ও কলেজের ২টিসহ মোট ৩টি পদে এ বছরই নিয়োগ ও এমপিও প্রদান করা হবে। সে প্রেক্ষিতে গত ১৩ জুন মাঠপর্যায়ের কর্মকর্তাদের নবসৃষ্ট পদে এমপিও ও নিয়োগ সংক্রান্ত নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এদিকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এবং মাধ্যমিকের ব্যবসায় শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা ২০১৯-২০২০ অর্থবছর থেকে এমপিওভুক্ত হতে পারবেন। এ দুই বিষয়ের শিক্ষকরা ১০ কোডে এমপিও পাবেন।

২০২১-২০২২ অর্থবছরে স্কুলে ৩টি ও কলেজের ১টি পদে নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। নিম্ন মাধ্যমিকের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের নৈশ প্রহরী এবং নিম্ন মাধ্যমিকের পরিচ্ছন্নতা কর্মীরা ২০২১-২০২২ অর্থবছর থেকে নিয়োগ ও এমপিও পাবেন।

এছাড়া কলেজের ৩য় পদের ল্যাব সহকারীরা একই বছর থেকে নিয়োগ ও এমপিও পাবেন। এক্ষেত্রে নিম্ন মাধ্যমিকের বাংলা বিষয়ের সহকারী শিক্ষকরা ১০ কোডে, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের নৈশ প্রহরীরা ২০ কোডে এবং নিম্ন মাধ্যমিকের পরিচ্ছন্নতা কর্মীরা ২০ কোডে এমপিও পাবেন। এছাড়া কলেজের ৩য় পদের ল্যাব সহকারীরা ১৮ কোডে বেতন পাবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button