বিনোদন

স্পাই ‘মাসুদ রানার’ খোঁজে জাজ মাল্টিমিডিয়া

চরিত্রটির জন্য ইতোমধ্যে কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির সিইও আলিমুল্লাহ খোকন জানিয়েছেন।

তিনি বলেন, “মাসুদ রানার জন্য সম্ভাব্য তালিকায় যারা ছিলেন তাদের ইন্টারভিউ করেছি।…তালিকাটা পাঠিয়েছি পরিচালকদের কাছে। সেখান থেকে বাছাই করেই চরিত্রটির জন্য আর্টিস্ট নির্ধারণ করা হবে।”

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে হলিউডের সিলভারলাইনসহ আরও তিনটি প্রতিষ্ঠানের প্রযোজনায় ৮৩ কোটি টাকা ব্যয়ে ছবিটি পরিচালনা করবেন আসিফ আকবর। তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ফিল্ম মেকিংয়ের উপর উচ্চতর পড়াশোনা শেষ করে ইতোমধ্যে হলিউডে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, নির্মাতা আসিফ আকবর ও তরুণ থ্রিলার লেখক নাজিম উদ দৌলা।

খোকন জানান, প্রি প্রোডাকশনের পাশাপাশি ছবিটির লোকেশন দেখার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ‘শিগগিরই’ শুটিং শুরু হবে।

ইতোমধ্যে এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ‘আয়রন ম্যান-২’ চলচ্চিত্রের অভিনেতা মিকি রোর্ক, ‘দ্য ট্রান্সপোর্টার’, ‘এভারলি’সহ আরও বেশ কয়েকটি হলিউডের চলচ্চিত্রের অভিনেত্রী গাব্রিয়েলা রাইট ও ভারতীয় রেসলার দ্য খালি চুক্তিবদ্ধ হয়েছেন।

জাজ মাল্টিমিডিয়া এবার মাসুদ রানা সিরিজের তিনটি উপন্যাসের চলচ্চিত্রায়নের স্বত্ত্ব কিনে প্রথমে ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছে।

এর আগে ‘মাসুদ রানা’ অবলম্বনে চার যুগ আগে বাংলাদেশে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল, তাতে মাসুদ রানার ভূমিকায় ছিলেন সোহেল রানা। মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে নির্মিত ওই চলচ্চিত্রটি বেশ ব্যবসা করেছিল।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button