আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে জোড়া হামলায় নিহত ২৯

পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোতে দু’টি সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
দেশটির উত্তরাঞ্চলীয় সানমাতেঙ্গা প্রদেশে একটি খাদ্যবাহী গাড়িবহর ও একটি ট্রান্সপোর্ট ট্রাকে এ হামলা দু’টির ঘটনা ঘটে বলে দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর মধ্যে খাদ্যবাহী গাড়িবহরে সন্ত্রাসী হামলায় ১৪ জন বেসামরিক লোক নিহত এবং একটি ট্রান্সপোর্ট ট্রাকের চাপায় রাস্তায় পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে আরও ১৫ জন নিহত হন।

ঘটনাস্থলে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা অভিযানের’ প্রস্তুতি চলার সময় এসব হামলা চালানো হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।

এক সময় অপেক্ষাকৃত শান্ত থাকলেও গত তিন বছর ধরে দেশটিতে বিদ্রোহী তৎপরতা শুরু হয়েছে। প্রতিবেশী দেশ মালির জঙ্গিদের সহিংসতা ও অপরাধপ্রবণতা বুরকিনা ফাসোর পরিস্থিতিকেও অস্থির করে তুলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button