সারাদেশ

হবিগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় শিশুর মৃত্যু, আহত ২

হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় সাথী আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর অপর দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সদর উপজেলার উচাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাথী আক্তার উচাইল চারিনাও গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

নিহতের মা ফাহিমা আক্তার জানান, শুক্রবার বিকালে তিনি শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। এর কিছুক্ষণ পর শিশুরা পেটে ব্যথা অনুভব করে কান্নাকাটি ও বমি শুরু করে। সন্ধ্যায় তাদের আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাথী আক্তারকে মৃত ঘোষণা করেন।

এ দিকে আশঙ্কাজনক অবস্থায় সাথীর দুই ভাই তোফাজ্জল হোসেন ও রবিউল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হায়দার আলী জানান, শিশুটি খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। তবে ময়না তদন্ত ছাড়া পরিস্কারভাবে বলা যাবে না শিশুটি কিভাবে মারা গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button