খেলা

বুমরাহ’য় বিপর্যস্ত ক্যারিবীয়রা

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২৯ রানে এগিয়ে আছে ভারত। প্রথম ইনিংসে ভারতের করা ৪১৬ রানের জবাবে দিনশেষে ৮৭ রানে ৭ উইকেটে হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। টেস্ট ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকসহ জাসপ্রিত বুমরাহ নিয়েছেন ৬ উইকেট।

কিংস্টনের সাবেইনা পার্কে আগের দিনের ৫ উইকেটে ২৬৪ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের প্রথম ওভারেই উইকেট হারায় টিম ইন্ডিয়া। হোল্ডারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ২৭ রান করা রিশাব প্যান্ট। উইকেটে এসে থিতু হতে পারেননি জাদেজা। আউট হয়েছেন ১৬ করে। একের পর এক সঙ্গী হারালেও ইশান্ত শর্মাকে নিয়ে দারুণ এক জুটি গড়েন হনুমা বিহারী। বিহারী তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ইশান্ত শর্মাও করেছেন ফিফটি। দু’জনের পার্টনারশিপে ভর করে প্রথম ইনিংসে ৪১৬ রান তোলে ভারত।

প্রথম ইনিংসে ব্যাট করতে গিয়ে ‘তাসের ঘরের’ মতো ভেঙ্গে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। হেটমায়ারের ৩৪ আর হোল্ডারের ১৮ ছাড়া দুই অঙ্কের কোটা পার হতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। দিনশেষে ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়েছে ক্যারিবীয়রা। ৬ উইকেট নিয়ে একাই ধ্বস নামিয়েছেন জাসপ্রিত বুমরাহ। সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে আছে ভারত।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button