জাতীয়

গাজীপুরে ঢাবির সাবেক অধ্যাপককে ‘হত্যা’

গাজীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের (মোছা. সাইদা গাফফার) মরদেহ উদ্ধার করা হয়েছে। দুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের পানিশাইল এলাকায় তার ভাড়া বাসার অদূরে এ মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় মো. আনোয়ার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সাঈদা ওই বাসায় থেকে তার একটি প্রকল্পের দেখাশোনা করছিলেন। আর আনোয়ার ছিলেন সেই প্রকল্পের কন্টাক্টর।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা  বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সাঈদা খালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি যে বাসায় ভাড়া থেকে নিজের প্রজেক্ট দেখাশোনা করছিলেন, সেখান থেকে আনুমানিক ২০০ গজ দূরে মরদেহটি পাওয়া গেছে।

এ ঘটনায় আনোয়ার নামে একজনকে গ্রেফতারের কথা জানিয়ে ওসি বলেন, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button