জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় বাড়িটির জানালার কাচও ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাড়িটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওই বাড়িতে থাকতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।
ভবনটির অন্য অংশে থাকতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে থাকেন না। জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।



