জাতীয়রাজনীতি

তিন দেশের কূটনীতিকের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তারা।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব ছাড়াও এই প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।

বৈঠক প্রসঙ্গে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ গণমাধ্যমে জানান, বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপি নিয়মিতভাবেই বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করে থাকে। এটিও তেমনই একটি বৈঠক। স্বাভাবিকভাবেই কূটনীতিকদের সঙ্গে আলোচনায় দেশের রাজনীতি ও আর্থসামাজিক অবস্থার বিভিন্ন দিক উঠে এসেছে। এর চেয়ে বেশি কিছু নয়।

এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে, হোটেল লা মেরিডিয়ানে কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিবসহ চার নেতাকে অবরুদ্ধ করে রেখেছেন উত্তরা থানা বিএনপির নেতাকর্মীরা।

তবে তা নাকচ করে দিয়েছেন শামা ওবায়েদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই খবর কেবল গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button