আইন-আদালতজাতীয়লিড নিউজ

রেনুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা গুজবে তাসলিমা বেগম রেনুকে (৪২) পিটিয়ে হত্যা ঘটনায় তাঁর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

চার সপ্তাহের মধ্যে জননিরাপত্তা বিভাগের সচিব, শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বাড্ডা থানার ওসি, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা বোর্ড সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে যান তাসলিমা বেগম। এ সময় ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে তাসলিমা বেগমকে হত্যা করেন স্থানীয় ও উপস্থিত লোকজন।

ওই ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেন তাসলিমা বেগমের ভাগনে। এ হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা হৃদয়, এক নারীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাসলিমা বেগমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button