খেলা

সাজঘরের ‘ঘুমন্ত’ রবিকে নিয়ে নেটদুনিয়ায় হাসাহাসি

অনলাইন ডেস্ক :

মাঠে জয়ের পথে দল। ড্রেসিংরুমে আরামের ঘুমে কোচ রবি শাস্ত্রী। টিভির পর্দায় এমন দৃশ্য ধরা পড়ার পর ভারতীয় কোচকে নিয়ে রসিকতায় মেতেছেন তার স্বদেশিরা।

সন্ন্যাসী নামের এক টুইটার ব্যবহারকারী রবির ঘুমের ছবি পোস্ট করে লিখেছেন, ‘গোটা পৃথিবীতে রবি শাস্ত্রীর চাকরিই সবচেয়ে ভালো। ইচ্ছামতো ড্রিংকস করো, অফিস টাইমে নাক ডেকে ঘুমাও, কোটি কোটি টাকা বেতন নাও!’

ভিডিওতে দেখা গেছে নিশ্চিন্তে গা এলিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার কোচ। চক্ষু নিমীলিত অবস্থায় একদিকে হেলিয়ে দিয়েছেন শরীরটা। তার ঠিক পেছনে নিরীহ ব্যক্তির মতো বসে আছেন তরুণ ক্রিকেটার শুভমন গিল।

এই দৃশ্য দেখে ভাসু জাইন নামের আরেকজন লিখেছেন, ‘শুভমন ভাবছে ঘুমের জন্য বছরে দশ কোটি টাকা, কী সৌভাগ্যবান লোকটা।’

কোচের মতো কোহলিরা কিন্তু ঘুমিয়ে নেই। মাঠে তারা ছুটছেন প্রবল গতিতে। রাঁচি টেস্টে আর ২ উইকেট পেলেই ম্যাচ নিজেদের করবে দলটি।

সোমবার ফলোঅনে পড়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের খেলা শেষ করে ৮ উইকেটে ১৩২ রান নিয়ে। এখনো ভারতের প্রথম ইনিংসের চেয়ে ২০৩ রানে পিছিয়ে ফ্যাফ দু প্লেসির দল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button