বগুড়ার গাবতলীতে ধর্ষণচেষ্টা মামলায় একজনের সাত বছরের কারাদন্ড

বগুড়ার গাবতলীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে দায়েরকৃত নারী নির্যাতনের মামলার রায়ে অভিযুক্ত পলাতক আসামি আজিজুলকে (৩৬) ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। পলাতক ওই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে এবং গ্রেফতারের পর থেকে তার সাজা কার্য়কর হবে। এই মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেওয়া হয়েছে।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক এএসএম তাসকিনুল হক বৃহস্পতিবার এই মামলার রায় দেন।
উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলা নতুনপাড়া (উত্তরপাড়া কালি) বাসিন্দা মোখছেদার রহমানের ছেলে আজিজুল ওই গৃহবধূকে উত্যক্ত করে আসার এক পর্যায়ে বিগত ২০১৬ সালের ২৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণচেষ্টা ও মারপিট করে। গৃহবধূর চিৎকারে লোকজন এগিয়ে আসলে আজিজুল পালিয়ে যায়। এ ব্যাপারে ওই গৃহবধূ এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে ওই ট্রাইব্যুনালের পিপি এড. মোজাম্মেল হক এবং আসামি পক্ষে এড. আব্দুল জলিল আকন্দ।



