রাজশাহী বিভাগ

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

ধুনটে গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাত পরিচয়ধারী চার যুবক ওই কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে ব্যাংকের সামনে রাখা চারটি মোটরসাইকেল। গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখাটি উপজেলার পিরহাটী গ্রামে মথুরাপুর-চান্দাইকোনা সড়কের পাশে অবস্থিত।
এর আগেও গত বছরের ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে একই শাখার কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঝুলন্ত একটি ব্যাগ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছিল পুলিশ। ফলে একই তারিখে পরপর দুই বছর ব্যাংকটিকে ঘিরে নাকতামুলক ঘটনায় বিষয়টি আলোচনায় এসেছে। তবে ১বছর পেরিয়ে গেলেও ওই ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পারেনি পুলিশ।
ব্যাংকের ব্যবস্থাপক রঞ্জন কুমার দত্ত জানান, বুধবার রাতে তিনি ও অন্য কর্মীরা অফিসের কাজ শেষ করছিলেন। এ সময় দুই ফিল্ড অফিসার তাসলিমা ও কাকলী আক্তার কাজ শেষে অফিস থেকে বের হয়ে ব্যাংকের প্রধান ফটকে আসেন।
 তখন তারা চার যুবককে বোতলের মুখে আগুন জ্বালানো অবস্থায় দেখতে পান। তাদের পরিচয় জানতে চাইলে যুবকেরা ব্যাংকের ভেতরে রাখা মোটরসাইকেল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ে আগুন ধরে যায়।
পরে ব্যাংকের নৈশপ্রহরী সহ অফিসের সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত পেট্রোল বোমার আলামত উদ্ধার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখায় কাঁচের বোতলে করে দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button