জাতীয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌছালো ইউরেনিয়ামের আরও একটি চালান

রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরও একটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার  (১৯ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রূপপুরের উদ্দেশে রওনা হয়। সেনাবাহিনী, এসআরবি ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর নিরাপত্তায় সড়কপথে এসব পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছানো হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পূর্বঘোষণা অনুযায়ী, রূপপুর কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তি ও সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

কেন্দ্রটির প্রথম ইউনিটে ইতিমধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সফল সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। এ সময় কেন্দ্রটিতে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button