জাতীয়

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর-আগুন

গাজীপুরের টঙ্গী ও গাজীপুরা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও সাধারণ মানুষ। অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় হামলা-ভাঙচুরের মধ্যে পড়ে এক পথচারী আহত হন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের একপর্যায়ে গাজীপুরা পুলিশ বক্সে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল বাইরে বের করে আনা হয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় পুলিশ বক্সে থাকা মামলার নথিপত্রও বের করে সড়কে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে তাদের সঙ্গে কিছু বহিরাগত যোগ দেন। পরে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button