পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেফতার: বিজিবি

বিতর্কিত, পলাতক কিংবা ফেরারি কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।
আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে ময়মনসিংহ সেক্টরের সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা জোরদারে নেওয়া পদক্ষেপ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম তুলে ধরেন সেক্টর কমান্ডার।
কর্নেল নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনে প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে তিনি বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান অল-টেরেইন ভেহিকেল (এটিভি) ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বর্ডার আউটপোস্টে (বিওপি) নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার বলেন, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা নিয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। তবে গোয়েন্দা নজরদারি, মাঠপর্যায়ের তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব তথ্য যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা তাদের নজরে আসেনি।



