সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালক রিমান্ডে

রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও সাবেক সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার ভাই মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এ দিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম মর্তুজা। শুনানিতে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।
শুনানিতে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। আসামিদের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। যে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে, সে ধরনের কোনো আলামত বা উপাদান তাদের কাছ থেকে পাওয়া যায়নি। রিমান্ড আবেদনেও তাদের কাছ থেকে কোনো আলামত উদ্ধারের কথা উল্লেখ নেই। তাদের কোনো রাজনৈতিক ডকুমেন্টও নেই। একজন নারী রাত ১টার দিকে বিমানবন্দর এলাকায় গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাবেন, এটা কীভাবে সম্ভব? এ মামলায় তাদের গ্রেফতার দেখানোরও যৌক্তিকতা নেই। তাই রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানান তিনি।



